আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য ব্যাটার র্যাসি ভ্যান ডার ডুসেন। সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের কয়েকদিনের মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অবসরের ঘোষণায় ডুসেন বলেছেন, ‘এই যাত্রায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তবে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ প্রতিটি মুহূর্তকে সার্থক করে তুলেছে।’
ক্যারিয়ারের পুরোটা পথজুড়ে পাশে থাকা পরিবারকে বিশেষভাবে স্মরণ করেছেন তিনি। চার ভাই এবং স্ত্রী লারার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডুসেন বলেন, তাদের সমর্থন ছাড়া এই পথ এতটা দূর আসা সম্ভব হতো না। পাশাপাশি ভক্তদের ভালোবাসা এবং জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের রোমাঞ্চকর মুহূর্তগুলো আজীবন মনে রাখবেন বলেও জানান।
২০১৮ সালের ৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ডুসেনের। এরপর ধীরে ধীরে তিন ফরম্যাটেই জায়গা করে নেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ৫৭টি টি-টোয়েন্টি, ৭১টি ওয়ানডে এবং ১৮টি টেস্ট ম্যাচ।
কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পাওয়া এবং বয়সের কথা বিবেচনায় নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ক্রিকেট ছাড়ছেন না পুরোপুরি। ঘরোয়া ক্রিকেটে লায়নসের হয়ে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন ডুসেন।
এছাড়া ভবিষ্যতে দক্ষিণ আফ্রিকার নতুন প্রজন্মের ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন এই অভিজ্ঞ ব্যাটার।