লাহোর কালান্দার্সের জার্সিতে দিনটা খুব সাশ্রয়ী না হলেও ইতিহাস গড়তে থামেননি মোস্তাফিজুর রহমান। মুলতান সুলতানসের বিপক্ষে ২০ রানের জয়ে ৩ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট নিলেও তাতেই লিখে ফেললেন নতুন রেকর্ড। টি-টোয়েন্টিতে বাঁ-হাতি পেসার হিসেবে সর্বোচ্চ উইকেট এখন তার দখলে।
এই কীর্তিতে তিনি ছাড়িয়ে গেলেন নিজের আদর্শ, পাকিস্তানি তারকা মোহাম্মদ আমিরকে। পরিসংখ্যানও বলছে ফিজের ধারাবাহিকতা। ৩২৫ ম্যাচে তার শিকার ৪১৬ উইকেট, যেখানে আমির ৩৫৬ ম্যাচে পেয়েছেন ৪১৫টি উইকেট।
তবে এই রেকর্ড খুব বেশিদিন এককভাবে ধরে রাখা কঠিন হতে পারে। কারণ এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ আমির। আজই পিএসএলে রাওয়ালপিন্ডির হয়ে মাঠে নামবেন তিনি, যেখানে আছেন মোস্তাফিজের সতীর্থ রিশাদ হোসেনও। ইসলামাবাদ ইউনাইটেডর বিপক্ষে একাধিক উইকেট পেলেই আবারও রেকর্ডটি নিজের করে নিতে পারেন আমির।
মজার বিষয় হলো, রাওয়ালপিন্ডির সর্বশেষ দুই ম্যাচেই একটি করে উইকেট পেয়েছেন আমির। তবে দুটিতেই হেরেছে তার দল। ফলে আজকের ম্যাচটি তার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রেকর্ডের লড়াইটাও জমে উঠেছে।
অবশ্য টি-টোয়েন্টির সামগ্রিক উইকেট তালিকায় মুস্তাফিজ এখনো সবার ওপরে নন। স্বীকৃত টি-টোয়েন্টিতে তিনি অবস্থান করছেন সপ্তম স্থানে। এই তালিকার শীর্ষে আছেন রশিদ খান (৭০৩)। পেসারদের মধ্যে এগিয়ে ডোয়াইন ব্রাভো (৬৩১)। এছাড়া তালিকায় আছেন সুনীল নারিন (৬১৪), ইমরান তাহির (৫৭২), আন্দ্রে রাসেল (৫০৮), সাকিব আল হাসান (৫০৭) এবং ক্রিস জর্ডান (৪৪৬)। তাদের পরেই আছেন মোস্তাফিজ ও আমির।
বাংলাদেশি ক্রিকেটে অবশ্য আলাদা জায়গা করে নিয়েছেন এই কাটার মাস্টার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত বছরের সেপ্টেম্বরে সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ (১৫৮) উইকেট শিকারি হয়েছেন তিনি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে মোস্তাফিজুর রহমান শুধু রেকর্ডই ভাঙছেন না, নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়। আর সামনে সুযোগ, স্বীকৃত টি-টোয়েন্টিতেও সাকিবকে ছাড়িয়ে যাওয়ার।