দ্বিতীয় ম্যাচেও লড়াই করে হারল বাংলাদেশ, তবুও স্বপ্ন এখনো বেঁচে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের। এশিয়ান কাপে টিকে থাকার লড়াইয়ে এখনও শেষ হয়ে যায়নি।
শুরুর ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জোড়া গোলে এগিয়েও হারতে হয়েছিল লাল-সবুজদের। এবার দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে কঠিন অবস্থায় পড়েছে দলটি।
শনিবার (৪ এপ্রিল) ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দারুণ লড়াই করে বাংলাদেশের মেয়েরা। গোলরক্ষক মিলি আক্তার একের পর এক সেভ করে দলকে ভরসা দেন। ফলে প্রথম ৪৫ মিনিট শেষ হয় গোলশূন্য সমতায়। তবে দ্বিতীয়ার্ধে আর সেই প্রতিরোধ টিকিয়ে রাখা যায়নি। বিরতি থেকে ফেরার এক মিনিটের মধ্যেই গোল হজম করে বাংলাদেশ। চীনের আক্রমণে বক্সে ঢুকে সহজ শটে জাল খুঁজে নেন মিডফিল্ডার ইউও।
গোল শোধ করার মতো বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। উল্টো ম্যাচের ৮২ মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন চীনের ওয়াং। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় কোচ পিটার বাটলারর শিষ্যদের। তবে সবকিছু শেষ হয়ে যায়নি এখনো। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট শূন্য, গোল ব্যবধান মাইনাস ৩। তবুও কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে আছে।
৭ এপ্রিল ভিয়েতনামর বিপক্ষে শেষ ম্যাচে জিতলে কিংবা ড্র করলেও গ্রুপের তৃতীয় স্থান নিশ্চিত হতে পারে। এরপর অন্য গ্রুপগুলোর তৃতীয় স্থানে থাকা দলগুলোর সঙ্গে তুলনায় এগিয়ে থাকলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ।