লা লিগার শিরোপা দৌড়ে বার্সেলোনা যেন এখন আরও দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে দাপট দেখিয়ে ২-১ গোলের জয় তুলে নিয়েছে কাতালানরা, আর তাতেই রিয়াল মাদ্রিদের চেয়ে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে তারা।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল বার্সার দখলে। বল দখল, আক্রমণ—সব দিকেই এগিয়ে ছিল তারা। তবে প্রথম ধাক্কাটা দেয় স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদই। ৩৯ মিনিটে জুলিয়ানো সিমিওনের গোলে এগিয়ে যায় দলটি, গ্যালারিতে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।
কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। গোল হজমের মাত্র দুই মিনিট পরই জবাব দেয় বার্সেলোনা। দ্রুত আক্রমণে উঠে এসে মার্কাস রাশফোর্ড গোল করে সমতা ফেরান।
প্রথমার্ধের শেষ দিকে অ্যাটলেটিকোর জন্য আসে বড় ধাক্কা। নিকো গঞ্জালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয় তারা। দ্বিতীয়ার্ধে তাই রক্ষণাত্মক কৌশলেই খেলতে হয় স্বাগতিকদের।
এই সুযোগটা পুরোপুরি কাজে লাগায় বার্সেলোনা। একের পর এক আক্রমণে চাপে রাখে প্রতিপক্ষকে। শেষ পর্যন্ত ৮৭ মিনিটে রবার্ট লেভানডস্কির গোলেই আসে কাঙ্ক্ষিত সাফল্য। তার এই গোলই নিশ্চিত করে বার্সার গুরুত্বপূর্ণ জয়।
পুরো ম্যাচে বল দখল থেকে শুরু করে শট, সব পরিসংখ্যানেই এগিয়ে ছিল সফরকারীরা। আর সেটারই প্রতিফলন মিলেছে ফলাফলেও। এই জয়ে ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান এখন ৭ পয়েন্ট। অন্যদিকে ৫৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।