বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নেতৃত্বে ধারাবাহিকতা রাখতেই বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি, এই দুই ফরম্যাটেই অধিনায়কদের মেয়াদ বাড়িয়ে ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা দিয়েছে বোর্ড।
শনিবার বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপরাশেসন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে লিটন কুমার দাসের ওপর আস্থা রাখছে বিসিবি, তার মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৮ পর্যন্ত।
প্রথম দফায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেই বিশ্বকাপে খেলা হয়নি টাইগারদের। তবুও সামনে তাকিয়ে পরবর্তী বিশ্বকাপেও তাকে দিয়েই দলকে নেতৃত্ব করানোর পরিকল্পনা করছে বোর্ড।
অন্যদিকে, মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের শুরুটা ছিল এক বছরের জন্য। তবে গেলো মাসে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর তার নেতৃত্বে সন্তুষ্ট বিসিবি। সেই পারফরম্যান্সই মূলত তার মেয়াদ বাড়ানোর বড় কারণ। আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন এই অলরাউন্ডার।
দলের সহ-অধিনায়কত্বেও রাখা হয়েছে ধারাবাহিকতা। ওয়ানডে দলে নাজমুল হোসেন শান্ত এবং টি-টোয়েন্টি দলে সাইফ হাসান একই সময় পর্যন্ত সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সবমিলিয়ে, সামনে বড় টুর্নামেন্টগুলোকে লক্ষ্য করে স্থিতিশীল নেতৃত্ব গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যেখানে আস্থা রাখা হয়েছে পরিচিত মুখগুলোর ওপরই।