বাংলাদেশের ক্রিকেটে প্রথমবারের মতো অনুশীলনে স্পিন বোলিং মেশিন যুক্ত হয়েছে। আজ সোমবার মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে এই আধুনিক যন্ত্রটি ব্যবহার করতে দেখা গেছে, যা ব্যাটসম্যানদের স্পিন মোকাবিলায় নতুন মাত্রা যোগ করবে।
এর আগে দেশে ব্যবহৃত বোলিং মেশিনগুলো মূলত পেস বোলিং বা বাউন্সার সামলানোর অনুশীলনের জন্য ছিল। তবে নতুন স্পিন বোলিং মেশিনটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা দেবে ক্রিকেটারদের।
আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশে এই ধরনের মেশিন জনপ্রিয়, যেখানে মানসম্মত স্পিনারের অভাব পূরণে এটি কার্যকর ভূমিকা রাখে।
ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, ‘মেশিনটির নাম মার্লিন বাইবোলা। এটা নিয়ে অনেকদিন ধরেই কথা চলছিল, সাম্প্রতিককালে অর্ডার দেওয়া হয়েছে। মেশিনটি অনেক ভারী হওয়ায় জাহাজের মাধ্যমে আনা হয়েছে।’
মেশিনটির ক্ষমতা সম্পর্কে তিনি বলেন, ‘এটাতে অফস্পিন, লেগস্পিন এবং আর্মার তিন ধরনের বল খেলা যায়। বলের লেন্থ পরিবর্তন করা যায়, পেস বাড়ানো বা কমানো যায়। এটি ম্যানুয়ালি বা অটোমেটিকপ; দুই মোডেই ব্যবহার করা যায়। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫–৩০টা বল খেলা যায়।’
জানা গেছে, প্রায় ১০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) ব্যয়ে সংগ্রহ করা হয়েছে এই আধুনিক স্পিন বোলিং মেশিনটি। এটি ভবিষ্যতে ব্যাটসম্যানদের স্পিন মোকাবিলার দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।