সর্বশেষ বোর্ড সভায় সাবেক বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছরের চুক্তিতে রফিক বিসিবির অধীনে এইচপি, বয়সভিত্তিক দল এবং জাতীয় দলের ক্যাম্পসহ বিভিন্ন স্কোয়াডে কাজ করতে পারবেন।
আজ সোমবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘রফিক ভাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। ওনার কোনো পার্টিকুলার দল নেই। অনেকেই ভুল ধারণা করছেন যে তিনি শুধু জাতীয় দলের জন্য কাজ করবেন, কিন্তু বিষয়টা তা নয়।’
নাফীস আরও বলেন, ‘ওনার অ্যাসাইনমেন্ট হচ্ছে মেন্টর হিসেবে বিভিন্ন স্কোয়াডের সঙ্গে কাজ করা। ন্যাশনাল টিম, অনূর্ধ্ব-১৯, এইচপি এমনকি বাংলাদেশ টাইগার্সও হতে পারে।’
এর আগে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমাদের দেশে ৮-১০ জন পেস বোলিং কোচ আছে; কিন্তু স্পিন কোচের সংখ্যা খুবই কম। এই জায়গা পূরণ করতে আমাদের নিজস্ব স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক প্রায় রেডিমেড একজন, যিনি এখনই সার্ভ করতে পারবেন। ভবিষ্যতে আরও দু-চারজনকে আমরা তৈরি করার চেষ্টা করব।’
ফাহিম আরও বলেন, ‘বিকেন্দ্রীকরণের পথে আমরা যাচ্ছি, কিন্তু যথেষ্ট বিশেষজ্ঞ লোকবল নেই। তাই মোহাম্মদ রফিককে নিয়োগ দেওয়া হলো।’