স্প্যানিশ অ্যাথলেট মানুয়েল আলনসোর কাছে দৌড়ানো কেবল একটি খেলা নয়, জীবনযাপনেরই অংশ। পেশাদার ক্যারিয়ার শেষ হওয়ার পরও তিনি থামেননি, বরং দৌড়কেই বেছে নিয়েছেন বেঁচে থাকার শক্তি হিসেবে।
২০২১ সালে এক সাক্ষাৎকারে আলনসো বলেছিলেন, ‘খেলাধুলাই আমার জীবন বাঁচিয়েছে। কারখানার কাজ শেষে ঘরে ফিরে আমি হতাশায় ভেঙে পড়তাম।’ সেই অন্ধকার সময় থেকেই নিজেকে টেনে তুলেছিলেন দৌড়ের মাধ্যমে।
এই অদম্য মানসিকতাই তাকে ৯০ বছর বয়সেও করে তুলেছে অনন্য। সম্প্রতি পোল্যান্ডের তৌর্ন শহরে অনুষ্ঠিত ইউরোপিয়ান মাস্টার্স চ্যাম্পিয়নশিপে তিনি ৮০০ ও ১৫০০ মিটার, দুটি ইভেন্টেই হয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, সঙ্গে গড়েছেন দুটি বিশ্বরেকর্ড।
৮০০ মিটারে ৩:৩৪.২২ সময় নিয়ে স্বর্ণ জিতে তিনি ভেঙে দেন ২০১৯ সালে কানাডার আর্ল ফি’র গড়া রেকর্ড। এরপর ১৫০০ মিটারে ৭:০০.৮১ সময় নিয়ে আরেকটি স্বর্ণ জয়ের পাশাপাশি ভেঙে দেন মঙ্গোলিয়ার রাদনা সেরেনের রেকর্ডও।
এই প্রতিযোগিতায় স্পেন দলও ছিল দুর্দান্ত। মোট ১২১টি পদক জিতে তারা পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে আসে। এর মধ্যে ছিল ৩২টি স্বর্ণ, ৪৮টি রৌপ্য ও ৪১টি ব্রোঞ্জ। পুরো আসরে স্পেন গড়েছে ২০টি জাতীয় রেকর্ড ও ৩টি বিশ্বরেকর্ড।
মানুয়েল আলনসোর গল্প যেন প্রমাণ করেছেন, বয়স কেবল একটি সংখ্যা।