চলমান সংঘাতের প্রভাব এবার পড়েছে ফুটবল বিশ্বকাপেও। আসন্ন আসরে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি জানিয়েছেন, নির্ধারিত ভেন্যু নিয়ে সমাধান না হলে বিশ্বকাপে খেলা কঠিন হয়ে যেতে পারে।
তিনি বলেন, ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে সরিয়ে না নিলে অংশগ্রহণ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। এ বিষয়ে ইরান ফুটবল ফেডারেশন ইতোমধ্যে ফিফার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানায়, এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো সাড়া পায়নি তেহরান।
আগামী জুন ও জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তার পাল্টা প্রতিক্রিয়ায় পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলতে অনাগ্রহ দেখিয়েছে ইরান। ক্রীড়ামন্ত্রী বলেন, ‘শত্রুভাবাপন্ন পরিবেশে খেলোয়াড়রা স্বাভাবিক খেলাটা খেলতে পারবে না। এতে মানসিক চাপও বাড়বে।’
তবে অনিশ্চয়তার মধ্যেও প্রস্তুতি থামিয়ে দেয়নি দল। দোনিয়ামালি জানিয়েছেন, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইরানের ফুটবল প্রধান মেহদি তাজও জানিয়েছেন, মেক্সিকোতে ম্যাচ আয়োজনের বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা চলছে।
সূচি অনুযায়ী আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করার কথা ইরানের। এরপর ২২ জুন একই ভেন্যুতে বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে শেষ গ্রুপ ম্যাচ খেলার কথা রয়েছে।