নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগে বড় সিদ্ধান্ত নিল জাতীয় ক্রীড়া পরিষদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, একই সঙ্গে নতুন করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
এনএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতা ফেরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
তদন্তে উঠে এসেছে গুরুতর অনিয়মের অভিযোগ। এনএসসির তদন্ত কমিটি জানিয়েছে, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপে বিসিবি নির্বাচনে অনিয়ম হয়েছে। বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ম বহির্ভূতভাবে কাউন্সিলর বানানোর বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বর্তমান কমিটি ভেঙে দিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রস্তাব করেছে এনএসসি। নতুন এই কমিটি অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবে এবং নির্বাচনের মাধ্যমে স্থায়ী বোর্ড গঠনের পথ তৈরি করবে।
আজ (৭ এপ্রিল) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান তদন্ত প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে থাকা বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিকে ইতোমধ্যে ইমেইলে জানানো হয়েছে। পাশাপাশি ১১ সদস্যের অ্যাডহক কমিটির তালিকাও আইসিসিতে পাঠানো হয়েছে।
এনএসসির প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি
সভাপতি- তামিম ইকবাল।
সদস্য- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।