বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্কের ঝড়। বিদায়ি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার সরাসরি প্রশ্ন তুলেছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে। শুধু তাই নয়, তিনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির হস্তক্ষেপও কামনা করেছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আমিনুল ইসলাম বুলবুলের দাবি, বর্তমান অ্যাডহক কমিটি কোনোভাবেই বৈধ নয়। তার ভাষায়, এই কমিটি গঠনের পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ এবং ক্রিকেট বোর্ডের স্বাভাবিক কার্যক্রমকে অস্থিতিশীল করে তুলছে। একইসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনও সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি।
তদন্ত প্রতিবেদন নিয়ে কড়া সমালোচনা করে আমিনুল বলেন, ‘এটি ত্রুটিপূর্ণ, মনগড়া ও আইনি ভিত্তিহীন’। নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জোর দিয়ে বলেন, ‘আমিই বিসিবির বৈধ সভাপতি।’
তার অভিযোগ, কিছু রাজনৈতিক উচ্চাভিলাষী সাবেক ক্রিকেটার পরিকল্পিতভাবে বোর্ডে অস্থিরতা তৈরি করতে ‘নির্বাচন ফিক্সিং’ নিয়ে বিভ্রান্তিকর গল্প ছড়াচ্ছেন। এতে করে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মনে করেন তিনি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিসিবির অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো আইনি অধিকার এনএসসির নেই। তার দাবি, এই ধরনের হস্তক্ষেপ আইসিসির গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক পর্যায়ে এর প্রভাব পড়তে পারে।