নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ। ১৭ এপ্রিল মাঠে গড়ানোর ঠিক ছয় দিন আগে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে বড় কোনো চমক না রেখে ধারাবাহিকতাকেই গুরুত্ব দেওয়া হয়েছে।
গত মাসে পাকিস্তানের বিপক্ষে যে দল নিয়ে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই দল থেকেই খুব একটা পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট। সেই সিরিজে নেতৃত্বে থাকা মেহেদী হাসান মিরাজ এবারও অধিনায়কের দায়িত্বে থাকছেন, আর সহ-অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ নেতৃত্বে কোনো পরিবর্তন না এনে স্থিতিশীলতাই ধরে রেখেছে দল।
শুধু নেতৃত্বই নয়, স্কোয়াডেও রাখা হয়েছে একই ছন্দ। পাকিস্তান সিরিজের দল নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ। তবে ব্যতিক্রম হিসেবে পিএসএলে ব্যস্ত থাকা কয়েকজন ক্রিকেটারকে ফিরিয়ে আনা হয়েছে সিরিজের গুরুত্ব বিবেচনায়। মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেনকে দলে রাখা হয়েছে। যদিও মোস্তাফিজ ওয়ানডে সিরিজ শেষ করেই আবার পিএসএলে ফিরে যাবেন।
এই সিরিজকে শুধু দ্বিপক্ষীয় লড়াই হিসেবে দেখছে না বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপের পথচলার অংশ হিসেবেই ধরা হচ্ছে এটি। আগামী মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯-এ জায়গা নিশ্চিত করতে পারলেই সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ মিলবে। সেই লক্ষ্য মাথায় রেখে স্পোর্টিং উইকেটে খেলার পরিকল্পনাও করছে টিম ম্যানেজমেন্ট।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।