লা লিগার শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ এক ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে মূল্যবান পয়েন্ট হারিয়েছে দলটি। ফলে শিরোপা পুনরুদ্ধারের লড়াই আরও কঠিন হয়ে উঠেছে আলভারো আরবেলোয়ার শিষ্যদের জন্য। এই পরিস্থিতিতেই হঠাৎ করে সামনে এসেছে এক চমকপ্রদ সম্ভাবনা, ক্লাব কিংবদন্তি টনি ক্রুসকে ফেরানোর চিন্তা করছে রিয়াল মাদ্রিদ। তবে খেলোয়াড় হিসেবে নয়, বরং ক্লাবের ভেতরে গুরুত্বপূর্ণ কোনো প্রশাসনিক বা ম্যানেজমেন্ট ভূমিকায়।
২০২৪ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে এক বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানেন এই জার্মান মিডফিল্ডার। অবসরের পর এখন পর্যন্ত ক্লাবের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব না পেলেও, অভ্যন্তরীণ আলোচনায় তার নাম ঘুরপাক খাচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস-এর তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ টনি ক্রুসকে ক্লাবের ম্যানেজমেন্ট কিংবা উচ্চপদস্থ পদে ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। ২০১৪ সালে বায়ার্ন মিউনিখ থেকে লস ব্লাঙ্কোসে যোগ দিয়ে টানা এক দশক ক্লাবটির হয়ে খেলেছিলেন তিনি। এই সময়ে জেতেন পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগা শিরোপাসহ অসংখ্য ট্রফি।
মাঠে তার নিখুঁত পাস, অসাধারণ কৌশলগত বুদ্ধিমত্তা এবং নেতৃত্বের গুণে রিয়ালের সোনালি সময়ের অন্যতম স্তম্ভে পরিণত হয়েছিলেন তিনি। গত বছর তার বিদায়ী ম্যাচটিও ছিল আবেগে ভরা, যা ভক্ত-সমর্থক থেকে শুরু করে সতীর্থদের কাছেও বিশেষ স্মরণীয় হয়ে আছে।
যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রস্তাবের খবর নেই। তবে রিয়াল মাদ্রিদের ভেতরের ভাবনায় স্পষ্ট, ক্রুসের অভিজ্ঞতা ও ক্লাব সংস্কৃতি সম্পর্কে তার গভীর বোঝাপড়া মাঠের বাইরেও কাজে লাগাতে চায় তারা।