বাংলাদেশ সফর মানেই স্পিনের বড় পরীক্ষা! এই বাস্তবতা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, উপমহাদেশের কন্ডিশনে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্পিন সামলানো, তবে সেই পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত তার দল।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড দল। দেশ ছাড়ার আগে লাথাম বলেন, গরম আবহাওয়া চ্যালেঞ্জ হলেও তার মূল চিন্তা স্পিন মোকাবিলা।
এই সফরে তুলনামূলক অনভিজ্ঞ একটি দল নিয়ে আসছে কিউইরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগ-এর ব্যস্ততা, সঙ্গে চোট ও বিশ্রামের কারণে মূল দলের অনেক ক্রিকেটার নেই। ফলে নতুন মুখদের নিয়েই গড়া হয়েছে স্কোয়াড।
তবে লাথাম মনে করিয়ে দেন, অনভিজ্ঞ মানেই অযোগ্য নয়। তার মতে, এই দলে থাকা অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যে নিজেদের পরিচয় দিয়েছে। এই সফর তাদের জন্য বড় সুযোগ, যা ভবিষ্যতে দলের গভীরতা বাড়াবে।
দলের জন্য বাড়তি সুবিধা হতে পারে, গত বছর নিউজিল্যান্ড এ দলের হয়ে বাংলাদেশ সফর করা কয়েকজন ক্রিকেটারের উপস্থিতি। এতে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া সহজ হতে পারে।
বাংলাদেশের উইকেট নিয়ে লাথাম বলেন, সাম্প্রতিক সময়ে কিছু ম্যাচে স্পিন খুব বেশি প্রভাব না ফেললেও ঐতিহাসিকভাবে এখানে স্পিনই বড় ফ্যাক্টর। তাই সেই দিকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে তার দল।
স্পিন মোকাবিলায় দলের অন্যতম ভরসা ল্যাথাম নিজেই। ১৬০টির বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কঠিন পরিস্থিতিতে দলকে এগিয়ে নিতে চান তিনি। পাশাপাশি তরুণদের দ্রুত মানিয়ে নেওয়ার ওপরও জোর দিয়েছেন অধিনায়ক।
নিউজিল্যান্ড ওডিআই দল: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোক, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।