এই মৌসুমটা যেন কিছুতেই নিজের করে নিতে পারছেন না আজিঙ্কা রাহানে। তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সও হতাশাজনক। আইপিএলের ইতিহাসে এবারই প্রথম কোনো মৌসুমের প্রথম পাঁচ ম্যাচেই জয়হীন থাকল দলটি। এর মাঝেই নতুন করে বিপাকে পড়লেন এই অধিনায়ক।
গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন রাহানে। ম্যাচ চলাকালে স্লো ওভার রেটের কারণে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড তাকে জরিমানা করেছে।
আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী (ন্যূনতম স্লো ওভার রেট অপরাধ) চলতি মৌসুমে এটি প্রথম অপরাধ হওয়ায় রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। ফলে মাঠের ব্যর্থতার সঙ্গে শৃঙ্খলাজনিত চাপও যোগ হলো তার কাঁধে।
এর আগে এই একই কারণে শাস্তির মুখে পড়েছেন আরও কয়েকজন অধিনায়ক। শ্রেয়াস আইয়ার দুই ম্যাচ মিলিয়ে ৩৬ লাখ টাকা জরিমানা দিয়েছেন। এছাড়া শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড এবং হার্দিক পান্ডিয়াকেও ১২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই তালিকায় পঞ্চম অধিনায়ক হিসেবে নাম যুক্ত হলো রাহানের নাম।