লিভারপুলের আক্রমণভাগে বড় ধাক্কা, ফরাসি ফরোয়ার্ড উগো একিটিকের সামনে যেন হঠাৎ করেই থমকে গেছে পথ। বিশ্বকাপে খেলার স্বপ্ন এখন প্রায় শেষ, এমনটাই জানাচ্ছে ফরাসি গণমাধ্যম।
লা পারিসিয়ান ও লেকিপের বুধবারের প্রতিবেদনে উঠে এসেছে দুঃসংবাদ। অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে একিটিকের, আর যদি সেটাই সত্যি হয়, তাহলে অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই ২৩ বছর বয়সী ফুটবলারের।
ঘটনাটা ঘটে মঙ্গলবার, পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে। ম্যাচের ২৭ মিনিটে সতীর্থের পাস ধরতে দৌড়ানোর সময় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে আসে লিভারপুলের মেডিকেল টিম। পরে ডান পায়ের অ্যাকিলিস টেন্ডনে গুরুতর চোটের আশঙ্কায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
অ্যানফিল্ডের সেই ম্যাচে ২-০ গোলে হেরে যায় লিভারপুল। প্রথম লেগেও একই ব্যবধানে হারায় তারা, ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে সেমিফাইনালে উঠে যায় পিএসজি। ম্যাচ শেষে লিভারপুল কোচের কণ্ঠেও ছিল উদ্বেগ, ‘খুবই বাজে মনে হয়েছে। তবে কতটা গুরুতর সেটা এখন বলতে পারছি না।’
এখনও পর্যন্ত লিভারপুল বা ফরাসি ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে গণমাধ্যমের খবরই ইঙ্গিত দিচ্ছে, দীর্ঘ পুনর্বাসনের কারণে আসন্ন বিশ্বকাপে একিতিকের খেলা প্রায় অসম্ভব।