ফুটবলের সবচেয়ে সফল দেশ ব্রাজিল, যে দলকে একসময় বিশ্বকাপ মানেই অন্যতম ফেভারিট ধরা হতো। কিন্তু সময় বদলেছে, বদলেছে সমর্থকদের মনোভাবও। এখন যেন নিজের ছায়া হয়েই ঘুরছে সেলেসাওরা।
২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। সামনে ২০২৬ বিশ্বকাপ, তবে সেই আসর ঘিরেও নেই আগের মতো উন্মাদনা। বরং হতাশা আর অনিশ্চয়তাই ঘিরে ধরেছে সমর্থকদের।
সম্প্রতি প্রকাশিত এক জরিপে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। জরিপে অংশ নেওয়া ৫৪ শতাংশ ব্রাজিলীয় জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে তাদের কোনো আগ্রহই নেই। মাত্র ১২ শতাংশ মানুষ ‘রোমাঞ্চিত’। আর ৬৮ শতাংশের বিশ্বাস, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবারও শিরোপা জয়ের সম্ভাবনা খুবই কম।
২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে সম্প্রতি, যা ব্রাজিল ফুটবলের প্রতি সমর্থকদের মানসিক অবস্থার এক হতাশাজনক চিত্র তুলে ধরেছে। বলা হচ্ছে, বিশ্বকাপ ঘিরে ব্রাজিলীয়দের মনোভাব জানার ইতিহাসে এটিই সবচেয়ে নিরাশাবাদী ফল।
এই হতাশার বড় কারণ দলের সাম্প্রতিক পারফরম্যান্স। বিশ্বকাপ বাছাইপর্বে পঞ্চম হয়ে অনেক কষ্টে জায়গা করে নিতে হয়েছে সেলেসাওদের। আর্জেন্টিনার কাছে দুইবার হার, এমনকি জাপানের মতো দলের কাছেও পরাজয়। সবমিলিয়ে আত্মবিশ্বাসে বড় ধাক্কা লেগেছে। মাঠের এই ব্যর্থতার প্রতিফলন পড়েছে সমর্থকদের মনেও।
এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় প্রশ্ন, নেইমারের ভবিষ্যৎ। ২০২৬ বিশ্বকাপে হলুদ-সবুজ জার্সিতে তাকে দেখা যাবে কি না, তা এখনো অনিশ্চিত। এই ধোঁয়াশার অবসান হতে পারে ১৮ মে, যেদিন কোচ কার্লো আনচেলত্তি ঘোষণা করবেন চূড়ান্ত স্কোয়াড।
জরিপ বলছে, নেইমারকে দলে দেখতে চান না ৪৭ শতাংশ ব্রাজিলীয়। তার অন্তর্ভুক্তির বিপক্ষে আরও ৪৫ শতাংশ। আর মাত্র ৮ শতাংশ এ বিষয়ে নিরপেক্ষ অবস্থানে রয়েছেন।