মাঠে ঝলমলে পারফরম্যান্সে আগেই নজর কেড়েছেন বায়ার্ন মিউনিখের তরুণ তারকা জামাল মুসিয়ালা। তবে এবার তিনি আলোচনায় মাঠের বাইরের এক ভিন্ন উদ্যোগে। শিশুদের জন্য নিজের জীবনের গল্প তুলে ধরে বই লেখায় যুক্ত হয়েছেন এই মিডফিল্ডার।
জার্মান সংবাদমাধ্যম বিল্ডের তথ্য অনুযায়ী, সাংবাদিক জুলিয়েন উলফের সঙ্গে যৌথভাবে দুটি শিশুতোষ বই লিখেছেন মুসিয়ালা। বই দুটির নাম ‘আমার ফুটবল যাত্রার শুরু’ এবং ‘বায়ার্নে আমার পথচলা’। এগুলো প্রকাশ করেছে ওয়েটিঙ্গার।
সাত বছর বা তার বেশি বয়সী শিশুদের কথা মাথায় রেখে বই দুটি তৈরি করা হয়েছে। বিশেষ করে যেসব শিশু পড়তে কিছুটা অসুবিধা বোধ করে, তাদের জন্য বড় অক্ষর এবং ছোট ছোট অনুচ্ছেদে সাজানো হয়েছে গল্পগুলো।
নিজের শৈশব, ফুটবলে শুরুর দিন এবং বায়ার্নে প্রথম সময়ের অভিজ্ঞতা সহজ ভাষায় তুলে ধরেছেন মুসিয়ালা। শুধু লেখা নয়, গল্পগুলোকে আরও আকর্ষণীয় করতে রাখা হয়েছে কমিকধর্মী উপস্থাপনাও; যা ছোট পাঠকদের কাছে বইগুলোকে আরও প্রাণবন্ত করে তুলবে।
সাধারণত ফুটবলারদের আত্মজীবনী দেখা যায় ক্যারিয়ারের শেষদিকে বা অবসরের পর। সেখানে ক্যারিয়ারের মাঝপথেই নিজের গল্প শিশুদের জন্য তুলে ধরে ভিন্নধর্মী উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে।
মাঠের সাফল্যের পাশাপাশি এমন সৃজনশীল কাজে যুক্ত হয়ে মুসিয়ালা যেন নিজের আরেকটি দিক তুলে ধরলেন। এখন দেখার বিষয়, ছোট পাঠকদের কাছে তার এই নতুন পরিচয় কতটা সাড়া ফেলে।