পাকিস্তান সিরিজে দলে থেকেও একবারও মাঠে নামার সুযোগ পাননি সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন সিরিজের শুরুতেও তার ভাগ্য বদলায়নি। প্রথম ম্যাচেও ছিলেন দর্শক হয়েই। সবমিলিয়ে অপেক্ষাটা যেন লম্বাই হচ্ছিল তার জন্য।
তবে সেই অপেক্ষার অবসান হলো অবশেষে। দলে ফিরেছেন সৌম্য সরকার। আর তার ফেরাটা নিছকই আরেকটা সুযোগ নয়; স্মৃতিতে এখনো টাটকা তার সেই দুর্দান্ত ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ম্যাচে ৯১ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যাচের গতিপথই বদলে দিয়েছিলেন তিনি, হয়েছিলেন ম্যাচসেরা। তারপরও একাদশের বাইরে পড়ে থাকার গল্পটা ছিল বেশ দীর্ঘ।
এবার সুযোগ এলেও প্রশ্ন আছে তার ব্যাটিং পজিশন নিয়ে। একাদশ দেখে ধারণা করা যাচ্ছে, ওপেনিংয়ে নাও নামতে পারেন সৌম্য। কারণ টানা চার ম্যাচ ধরে ওপেনিংয়ে খেলা সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম দুজনই আছেন দলে। ফলে সৌম্যকে হয়তো নতুন কোনো ভূমিকায় দেখা যেতে পারে।
সৌম্যর জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন। শেষ ম্যাচে লোয়ার মিডল অর্ডারে নেমে ৪৯ বলে ২৭ রানের ধীরগতির ইনিংস খেলে সমালোচনার মুখে পড়েন তিনি। শুধু তাই নয়, শেষ চার ম্যাচে তার ব্যাট থেকেও আসেনি উল্লেখযোগ্য কোনো পারফর্ম্যান্স।
বাংলাদেশ একাদশ-
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।