বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিবর্তনের হাওয়া বইছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রেই আছেন তামিম ইকবাল। অ্যাডহক কমিটির নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুত নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে বর্তমান এই বোর্ড।
গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভেঙে দেয় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ। এরপর তামিমকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়, যাদের প্রধান কাজ ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।
তবে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে এই কমিটি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালীন সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তামিম এই ইঙ্গিত দেন।
আলাপের এক পর্যায়ে তিনি বলেন, ‘বিসিবির নির্বাচন আগামী জুনেই আয়োজন করতে চায় তার কমিটি, ‘আমরা আগামী জুনের প্রথম সপ্তাহেই নির্বাচনটা করে ফেলতে চাই। সেটা না হলে দ্বিতীয় সপ্তাতেই এটা করব’।
যদিও হাতে ৯০ দিনের সময় রয়েছে, তবুও সেটি পুরোপুরি ব্যবহার করতে চান না তারা। তামিম বলেন, ‘আমাদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। কিন্তু এর মানে এই নয় যে ২১ তারিখেই করতে হবে।’
আরও স্পষ্ট করে তিনি যোগ করেন, ‘এর আগেও করা যায়। সে ক্ষেত্রে আমরা আগেই করে ফেলতে চাই। প্রথম ইচ্ছা জুনের প্রথম সপ্তাহে। যদি সেটা কোনোভাবে না হয়, তাহলে দ্বিতীয় সপ্তাহে এটা নিশ্চিতভাবেই করে ফেলব।’
এদিকে, শুধু নির্বাচন নয়, ক্রিকেট সংস্কৃতির কিছু পুরনো চিত্রও ফিরিয়ে আনতে চান তামিম। বিশেষ করে মাঠে বল বয়ের উপস্থিতি নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন তিনি। আক্ষেপ করে তিনি বলেন, ‘আগে দেখতাম ম্যাচের সময় বাউন্ডারির চারপাশে তরুণ ক্রিকেটাররা বল বয় হিসেবে থাকত। এখনো পৃথিবীর অন্যান্য দেশে থাকে। কিন্তু কেন জানি না আমাদের এখানে সেটা বন্ধ হয়ে গেছে। এটা আমরা আবার চালু করতে চাই।’