টেনিস কোর্ট আর ক্রিকেট পিচ, দুই ভিন্ন দুনিয়া, কিন্তু দুই প্রান্তের দুই মহাতারকা এবার একই আবেগে যুক্ত হলেন। টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ এবং আধুনিক ক্রিকেটের আইকন বিরাট কোহলির মধ্যে গড়ে উঠেছে এক পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সম্পর্ক, যা ক্রীড়াজগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের মঞ্চে এসে কোহলির প্রতি নিজের গভীর শ্রদ্ধা প্রকাশ করেন জোকোভিচ। সার্বিয়ার এই টেনিস তারকা জানান, ক্রিকেটের প্রতি তার আগ্রহ তৈরি হয়েছে মূলত বিরাট কোহলির মাধ্যমেই। এমনকি কোহলির কারণেই তিনি ক্রিকেট দেখা শুরু করেছেন বলে স্বীকার করেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের এই রেকর্ডধারী টেনিস তারকা।
অনুষ্ঠানে ফ্রিস্টাইল স্কিইং তারকা আইলিন গু-এর সঙ্গে সঞ্চালনার সময় জোকোভিচ ভারতের ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমার বার্তা সবসময়ই ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার। সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতের টেনিস ও ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে বছরের পর বছর আমি যে সমর্থন পেয়েছি, যে কারণে আমি কৃতজ্ঞ।’
ভারত সফরের ইচ্ছা নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। জোকোভিচ বলেন, ‘খুব শিগগিরই ভারতে দেখা হচ্ছে। কারণ আমাকে সেখানে যেতেই হবে। গত কয়েক বছর ধরে আমি ভারত সফরের এক তীব্র টান অনুভব করছি। আমি সত্যিই আশা করি কোনো ইভেন্ট হোস্ট করতে,ম্যাচ খেলতে অথবা যে কোনো কারণেই হোক আমি ভারতে আসব।’
কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে জোকোভিচ আরও জানান, তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়। তিনি বলেন, ‘হ্যাঁ, বিরাট আমার বন্ধু। আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং পছন্দ করি। সত্যি বলতে,তার কারণেই আমি ক্রিকেট দেখা শুরু করেছি।’
ডিজিটাল যুগে দূরত্ব আর বাধা নয়, এই কথাই যেন সত্যি করে তুলেছেন এই দুই তারকা। হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও একে অপরের খেলাকে কাছ থেকে জানা, বোঝা এবং সম্মান করার মাধ্যমে তারা তৈরি করেছেন এক ভিন্ন ধরনের ক্রীড়া-বন্ধন, যা ভক্তদের কাছেও সমানভাবে অনুপ্রেরণার।