আলিয়েঞ্জ অ্যারেনায় আবারও উদযাপনের রাত। বুন্দেসলিগায় নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে মৌসুম শেষ হওয়ার চার ম্যাচ আগেই রেকর্ড ৩৫তম লিগ শিরোপা নিশ্চিত করেছে বাভারিয়ানরা।
ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা গত এক যুগের বেশি সময় ধরে জার্মান ফুটবলে একপ্রকার রাজত্বই করে আসছে। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে শেষ ১৪ মৌসুমের মধ্যে ১৩টিতেই শিরোপা ঘরে তুলল বায়ার্ন।
তবে শিরোপা উদযাপনে এবার সবচেয়ে বেশি আলোচনায় ছিল এক অদ্ভুত কিন্তু মজার, একটি সাদা কাকাতুয়ার মূর্তি। দলের খেলোয়াড়দের টি-শার্টে কাকাতুয়া প্রিন্ট, আর মিডফিল্ডার লিওন গোরেস্কার হাতে সেই মূর্তি! সব মিলিয়ে উদযাপন ছিল কিছুটা ভিন্নধর্মী।
এই ‘লাকি চার্ম’ কাকাতুয়ার গল্প শুরু হয় গত মৌসুমে। ফ্রাইবুর্গ-লেভারকুজেন ম্যাচ চলাকালে বায়ার্ন খেলোয়াড়রা মিউনিখের এক রেস্তোরাঁয় বসে খেলা দেখছিলেন। তখনই একটি সাদা কাকাতুয়ার মূর্তি আনা হয়, আর সেই ম্যাচ ২-২ ড্র হওয়ায় বায়ার্নের শিরোপা নিশ্চিত হয়। সেখান থেকেই এটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরে নেয় দলটি।
রেস্তোরাঁর মালিক মাইকেল ক্যাফারের দেওয়া সেই মূর্তিই এখন বায়ার্ন ড্রেসিংরুমের অনানুষ্ঠানিক মাসকট। কোচ ভিনসেন্ট কোম্পানি ও খেলোয়াড়রা এটিকে মজার ছলে হলেও সৌভাগ্যের প্রতীক হিসেবে গ্রহণ করেছেন।
শিরোপা নিশ্চিত হলেও উদযাপনে বড় কোনো আয়োজন করেনি বায়ার্ন। কারণ সামনে আরও বড় লক্ষ্য অপেক্ষা করছে। কোচ কোম্পানি বলেন, ‘মৌসুম এখনও শেষ হয়নি। এখনও অনেক কিছু জেতার আছে। চ্যাম্পিয়নস লিগে আমাদের সামনে আছে পিএসজি; টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা, হয়তো সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’
এর আগে অবশ্য জার্মান কাপের সেমিফাইনালে লেভারকুজেনের মুখোমুখি হবে বায়ার্ন। এরপর চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজির বিপক্ষে লড়াই অপেক্ষা করছে।