ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস, যাকে আমরা চিনি শক্তপোক্ত, আগ্রাসী এক অলরাউন্ডার হিসেবে। কিন্তু হঠাৎ করেই ভিন্ন এক চেহারায় হাজির হয়ে চমকে দিলেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার সাম্প্রতিক কিছু ছবি দেখে ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা পর্যন্ত অবাক!
নতুন ছবিতে স্টোকসকে অনেকটাই শুকনো দেখাচ্ছে। মুখের গঠন আগের চেয়ে বেশি স্পষ্ট, শরীরেও চোখে পড়ার মতো পরিবর্তন। হঠাৎ এমন বদল ঘিরে নানা আলোচনা তৈরি হলেও এর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ অভিজ্ঞতা।
স্টোকস নিজেই জানিয়েছেন, মুখে বলের আঘাত পাওয়ার পর তিনি গুরুতর পরিস্থিতিতে পড়েছিলেন। আঘাতটি এতটাই মারাত্মক ছিল যে আরেকটু এদিক-সেদিক হলেই বড় ধরনের বিপদ ঘটতে পারত। এমনকি জীবন ঝুঁকির মুখেও পড়তে পারত। সেই আঘাতের পর তার মুখে বড় ধরনের অস্ত্রোপচার করতে হয়।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি। পরিস্থিতি খুবই ভয়ংকর ছিল, কিন্তু শেষ পর্যন্ত বড় কোনো স্থায়ী ক্ষতি ছাড়াই ফিরে আসতে পেরেছি।’
এই অস্ত্রোপচার এবং দীর্ঘ বিশ্রামের কারণেই তার শরীরে এসেছে এই পরিবর্তন। কয়েক মাস আগের চেনা স্টোকস আর এখনকার স্টোকস দুই চেহারার মধ্যে পার্থক্য চোখে পড়ার মতো।
তবে এই বদল নিয়েও চলছে আলোচনা। কেউ বলছেন, তিনি আগের চেয়ে আরও তরুণ দেখাচ্ছেন। আবার কেউ মজা করে বলছেন, এটা যেন স্টোকসেরই নতুন ভার্সন।