১৫ বছর বয়সী এক কিশোর। যিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেটে পুরোপুরি প্রতিষ্ঠিত নন, তবুও ইতিমধ্যেই নিজের ব্যাটিং দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। আর এবার তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন স্বয়ং অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সও।
শনিবার (২৫ এপ্রিল) সাইরাজার্স হায়দরাবাদের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৬ বলে সেঞ্চুরি তুলে নেন বৈভব। ১২ ছক্কায় ৩৭ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন তিনি। আইপিএলে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। মাত্র ২৬টি স্বীকৃত টি-টোয়েন্টি ইনিংসে তার সেঞ্চুরি এখন চারটি, যা এই ফরম্যাটে একেবারেই বিরল এক অর্জন।
তবে এমন ঝলমলে ইনিংসের পরও ম্যাচ শেষে হারের স্বাদই সঙ্গী হয় বৈভবের। রাজস্থানের দেওয়া ২২৯ রানের লক্ষ্য ৯ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে হায়দরাবাদ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তরুণ এই ব্যাটারের প্রশংসায় ভাসেন প্যাট কামিন্স। তিনি বলেন, ‘আমার মনে হয় ও আমার নতুন প্রিয় খেলোয়াড়। ও বল খুব জোরে মারে। তার খেলা দেখা সত্যিই দারুণ, বেশ আনন্দদায়ক।’
বৈভবের বিপক্ষে বোলারদের দায়িত্ব নিয়েও কথা বলেন কামিন্স। তিনি জানান, ‘একজন বোলার হিসেবে আপনাকে একদম নিখুঁত বল করতে হবে, কারণ আপনি যদি তা না পারেন, তবে বল অনেক দূরে গিয়ে পড়বে। ও সত্যিই অসাধারণ। তার ক্যারিয়ারের শুরুটা দারুণ হয়েছে এবং তার খেলার ধরন আমার বেশ পছন্দ।’