নানা নাটকীয়তার পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে খেলতে যেতে পারেনি বাংলাদেশ। তবে সেই বিশ্বকাপ শেষ হয়ে দুই মাস পেরিয়ে গেলেও এর রেশ এখনও পুরোপুরি কাটেনি। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকেই তখনকার বোর্ড সিদ্ধান্ত নিয়ে এখনো সমালোচনা চালিয়ে যাচ্ছেন।
তবে সেই বিতর্ক পেছনে ফেলে এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের পর প্রথম টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে টাইগাররা। আর সংবাদ সম্মেলনে সেই পুরনো ইস্যু নিয়েই প্রশ্নের মুখে পড়েন অধিনায়ক লিটন দাস।
লিটন বিষয়টি নিয়ে শান্তও পরিপক্ব জবাব দেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, মুভ অন করেছে। বিশ্বকাপের ওই সময়ে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, সেখানে খেলোয়াড়েরা চেষ্টা করেছে ভালো খেলার।’
বিশ্বকাপে অংশ নিতে না পারলেও দলকে নতুন করে গড়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। আগামী দুই বছরের পরিকল্পনায় চোখ রেখে লিটনের ভাবনা এখন ২০২৮ বিশ্বকাপ ঘিরে, যা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ, আমরা জানি, এটি এশিয়ায় হবে না। ওভাবে চিন্তাভাবনা করব। আর অবশ্যই যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুব ভালো, সর্বশেষ বিশ্বকাপের প্রস্তুতটাও খুব ভালো ছিল। চেষ্টা করব ওখান থেকেই যেন এই দলকে ভালো করে ধরে রাখা হয়।’
তিনি আরও যোগ করেন, ‘এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, তারা ওভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, যে জেতার মানসিকতা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে।’
নতুন বিশ্বকাপ চক্রের শুরুটা সহজ নয় লিটনের জন্য। দলে নেই অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নতুন মুখ আব্দুল গাফফার সাকলায়েন ও রিপন মণ্ডল।
এ বিষয়ে লিটন বলেন, ‘আমি চাই না যে তারা (তাসকিন ও মোস্তাফিজ) নিয়মিত ক্রিকেট খেলে চোটে পড়ে শেষ হয়ে যাক। কারণ, সামনে ওয়ানডেতে অনেক খেলা আছে, টেস্টও আছে। এসব চিন্তা করেই কিছু জিনিস বদলাচ্ছি।’