শ্রীলঙ্কা ক্রিকেটে আসছে বড় ধরনের নীতি পরিবর্তনের ইঙ্গিত। এতদিন র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯-এ থাকা যেকোনো দলকে হারালেই বোনাস পেত শ্রীলঙ্কান ক্রিকেটাররা। কিন্তু এবার সেই নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন প্রস্তাবনায় বলা হয়েছে — এখন থেকে শুধু র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের বিপক্ষে সিরিজ জিতলেই বোনাস পাবেন ক্রিকেটাররা। আর নিজের সমমান বা নিচের সারির দলের বিপক্ষে সিরিজ জিতলে কোনো বোনাস থাকবে না। বরং সেখানে ব্যর্থ হলে ক্রিকেটারদের ম্যাচ ফি-এর ১০ শতাংশ জরিমানা দিতে হতে পারে।
এই নতুন কাঠামো টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; তিন ফরম্যাটেই কার্যকর করার পরিকল্পনা করছে এসএলসি। লক্ষ্য একটাই, প্রতিযোগিতার মান আরও বাড়ানো।
বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা রয়েছে ছয় নম্বরে। ওয়ানডেতে অবস্থানও ছয় নম্বরে। আর টি-টোয়েন্টিতে তারা আছে আট নম্বরে। অন্যদিকে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে তুলনামূলক নিচের দিকে অবস্থান করছে তিন সংস্করণেই।
নতুন বোনাস কাঠামোও বেশ বড় অঙ্কের। বিদেশে টেস্ট সিরিজে শীর্ষ দলকে হারালে মিলবে দেড় লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকা। দুই, তিন ও চার নম্বর দলকে হারালে যথাক্রমে ১ লাখ, ৭৫ হাজার ও ৬০ হাজার ডলার বোনাস নির্ধারণ করা হয়েছে। ঘরের মাঠে এই অঙ্ক কিছুটা কম।
ওয়ানডেতেও একই ধরনের কাঠামো রাখা হয়েছে, যেখানে অ্যাওয়ে সিরিজ জিতলে সর্বোচ্চ দেড় লাখ ডলার পর্যন্ত বোনাস মিলবে। টি-টোয়েন্টিতে হোম ও অ্যাওয়ে দুই সিরিজেই বোনাস থাকবে সমান হারে।
বিশ্ব ক্রিকেটে বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই শীর্ষে আছে ভারত। টেস্টে আবার অস্ট্রেলিয়া রয়েছে শীর্ষে। শ্রীলঙ্কার এই নতুন নীতি মূলত শক্তিশালী দলের বিপক্ষে পারফরম্যান্সকে আরও গুরুত্ব দেওয়ার কৌশল হিসেবেই দেখা হচ্ছে।