বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে পরিবর্তন আসলেও এখনো তার প্রতিফলন এখনো পড়েনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দাপ্তরিক নথিতে। ৭ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হলেও আইসিসির ওয়েবসাইটে বোর্ড পরিচালক হিসেবে সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নামই দেখা যাচ্ছে।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগের বোর্ড ভেঙে দেওয়ার পর বর্তমানে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। সম্প্রতি এক সভায় সিদ্ধান্ত হয়েছে যে, আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল।
সাধারণত প্রতিটি পূর্ণ সদস্যের ক্রিকেট বোর্ড প্রধানেরাই আইসিসির বোর্ড সদস্য নির্বাচিত হন। তবে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে বোর্ড সদস্যদের তালিকায় এখনো বিসিবির প্রতিনিধি হিসেবে আগের সভাপতি বুলবুলের নামই রয়েছে। সাধারণত কোনো দেশের বোর্ড প্রধান পরিবর্তিত হলে আইসিসিকে জানানোর পর তারা ওয়েবসাইট হালনাগাদ করে, এক্ষেত্রে এখনো তা হয়নি।
শুধু বিসিবিই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান পরিবর্তন হলেও তথ্য হালনাগাদ করেনি আইসিসি। মিঠুন মানহাস বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট হলেও আইসিসির বোর্ড পরিচালকদের তালিকায় রয়েছেন দেবজিত সাইকিয়া ও রজার বিনি। অথচ বর্তমান চেয়ারম্যান জয় শাহ, প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা ও ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার নাম দেখা যাচ্ছে আইসিসির ওয়েবসাইটে।
ভারতের মতো অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের দুজন করে প্রতিনিধির নাম রয়েছে আইসিসির ওয়েবসাইটে। আইসিসির তালিকায় শ্রীলঙ্কার প্রতিনিধি হিসেবে এখনো শাম্মি সিলভা ও বান্দুলা দিসানায়েকের নাম রয়েছে। তবে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি বেশ জটিল। দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে সম্প্রতি শ্রীলঙ্কা সরকারকে ক্রিকেট নির্বাহী কমিটিকে সরে দাঁড়াতে বলেছে।
সরকারি হস্তক্ষেপের কারণে এর আগে আইসিসি শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করেছিল। এবারও নতুন প্রশাসন গঠন নিয়ে আইসিসি ও লঙ্কান সরকারের মধ্যে টানাপোড়েন শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এসএলসিকে নতুন প্রশাসনের অধীনে আনার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। চতুর্থ মেয়াদে নির্বাচিত শাম্মি সিলভা এখন এসএলসির সভাপতি। এখন আইসিসি শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করে কি না, সেটাই দেখার বিষয়।