টি-টোয়েন্টি ক্রিকেট আবিষ্কারের পর থেকেই জনপ্রিয়তায় তুঙ্গে। সেই জনপ্রিয়তাকে ভিত্তি করেই ২০০৮ সালে ভারত শুরু করে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। বর্তমানে চলছে এই টুর্নামেন্টের ১৯তম আসর। আইপিএলের গত ১৮ আসরে ব্যাটে-বলে যারা দাপট দেখিয়েছেন, তাদের নিয়ে সেরা একাদশ বেছে নিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক জস বাটলার। তার এই একাদশে জায়গা পেয়েছেন ৭ জন ভারতীয় ও ৪ জন বিদেশি ক্রিকেটার।
তবে চমকও আছে দলে। ভারতের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব জায়গা পাননি বাটলারের দলে। নেই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। এমনকি নিজেকেও দলে রাখেননি বাটলার। বাদ পড়েছেন ডেভিড ওয়ার্নারের মতো তারকাও।
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড-এর ‘For The Love of Cricket’ পডকাস্টে এসে নিজের একাদশের কথা জানান বাটলার। তার দলে ওপেনিং জুটিতে আছেন বিরাট কোহলি ও ক্রিস গেইল। তিন নম্বরে জায়গা পেয়েছেন সুরেশ রায়না, যাকে বাটলার ‘মিস্টার আইপিএল’ বলেও উল্লেখ করেছেন। চার নম্বরে আছেন এবিডি ভিলিয়ার্স। উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
অলরাউন্ডার বিভাগে বাটলারের পছন্দ কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। স্পিন বিভাগে আছেন রশিদ খান। পেস আক্রমণে জায়গা পেয়েছেন লাসিথ মালিঙ্গা ও জাসপ্রীত বুমরাহ। তবে অধিনায়ক হিসেবে কাউকে নির্দিষ্ট করে নাম দেননি বাটলার।
বাটলারের বাছাই করা একাদশ:
বিরাট কোহলি, ক্রিস গেইল, সুরেশ রায়না, এবিডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রশিদ খান, লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরাহ