ক্রিকেট প্রশাসনে হঠাৎ ঝড়! বাংলাদেশের পর এবার একই পথেই হাঁটছে শ্রীলঙ্কা। খুব অল্প সময়ের ব্যবধানে দুই দেশের বোর্ড কাঠামোতে এমন বড় পরিবর্তন ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে একটি এডহক কমিটি গঠন করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট-এ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বোর্ড সভাপতি শাম্মি সিলভা তার নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে দীর্ঘ বৈঠকে বসেন। প্রায় তিন ঘণ্টা আলোচনা শেষে আসে বড় সিদ্ধান্ত। সভাপতি-সহ পুরো কমিটি পদত্যাগ করবে! সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আজ বুধবার তাদের পদত্যাগপত্র ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে জমা দেওয়া হবে।
বৈঠক শেষে কেউ মুখ না খুললেও ভেতরের গল্পটা অনেকটাই স্পষ্ট। আনুষ্ঠানিকভাবে এটি ‘পদত্যাগ’ হলেও, বাস্তবে সরকারের চাপই ছিল মূল কারণ। দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সমালোচনার মুখে ছিল বোর্ডটি। এর আগেই সরকার বোর্ড ভেঙে এক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছিল।
এই প্রেক্ষাপটে শাম্মি সিলভার নেতৃত্বাধীন কমিটির সরে দাঁড়ানো অনেকটা অনিবার্যই ছিল। তবে এখন বড় প্রশ্ন, এরপর কী? নতুন প্রশাসন কীভাবে গঠন হবে, কারা আসবে নেতৃত্বে? এসব নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
উল্লেখ্য, টানা চার মেয়াদে বোর্ডের দায়িত্বে ছিলেন শাম্মি সিলভা। এর মধ্যে তিনবারই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। কিন্তু সেই ধারাবাহিকতার পাশাপাশি বেড়েছে সমালোচনাও, নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে বোর্ড পরিচালনা, সবকিছু নিয়েই ছিল প্রশ্ন।