শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। বৃষ্টির দাপটে ভেসে গেল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার দুপুর ২টায় ম্যাচটি শুরুর কথা থাকলেও টানা বৃষ্টির কারণে বিকাল চারটার কিছু সময় পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসে থাকা বাংলাদেশ আজকের ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে পারত। কিন্তু বন্দরনগরীর বৈরী আবহাওয়া সেই সম্ভাবনায় বড় বাধা হয়ে দাঁড়ায়।
সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের দিকে শুরু হয় প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো বাতাস। ফলে নির্ধারিত সময়ে টস করাও সম্ভব হয়নি। আগেই বৃষ্টির পূর্বাভাস থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। মাঠ ঢেকে রাখা হয় কাভার দিয়ে।
নিয়ম অনুযায়ী, ম্যাচ চালু করার সর্বশেষ সময় ছিল বিকেল ৪টা ৫০ মিনিট। তবে বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে, পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা দেখা যায়নি। তাই নির্ধারিত সময়ের আগেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচটি। দুই দলের অধিনায়ককে ডেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।
এই ফলাফলে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল বাংলাদেশের। এখন আগামী ২ মে ঢাকায় অনুষ্ঠিতব্য তৃতীয় টি-টোয়েন্টিতেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। সেই ম্যাচে জয় পেলেই ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজের ট্রফিও নিজেদের করে নিতে পারবে বাংলাদেশ। আর হারলে সিরিজ ১-১ সমতায় শেষ হবে, ভাগ বসাবে সফরকারী নিউজিল্যান্ড।