নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই আইসিসি ওয়ানডে খেলোয়াড় র্যাংকিংয়ে বড় সুখবর পেল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পেছনে বড় ভূমিকা রাখা পেসারদের পারফরম্যান্স এবার স্বীকৃতি পেল আইসিসি র্যাংকিংয়েও।
এই সিরিজে বাংলাদেশের পেস আক্রমণ একসঙ্গে শিকার করেছে মোট ১৮ উইকেট। তার সরাসরি প্রভাব পড়েছে শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার র্যাংকিংয়ে।
শরিফুল ইসলাম ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮তম স্থানে। অন্যদিকে মোস্তাফিজুর রহমান ১৪ ধাপের বড় লাফ দিয়ে এখন অবস্থান করছেন ৪১তম স্থানে। সিরিজ সেরা পারফরম্যান্সের পুরস্কার হিসেবে নাহিদ রানা ১৬ ধাপ এগিয়ে শীর্ষ পঞ্চাশে জায়গা করে নিয়েছেন। ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার করা এই তরুণ পেসার এখন ৪৮তম স্থানে আছেন।
ব্যাটিং বিভাগেও এসেছে সুখবর। নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ উন্নতি করে উঠে গেছেন ৩২তম স্থানে। লিটন দাস ১৫ ধাপ এগিয়ে এখন ৬৫তম। অলরাউন্ডার তালিকায় চট্টগ্রামের সিরিজ নির্ধারণী ম্যাচে ২৮ রান ও ২ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ যৌথভাবে তিনে অবস্থান করছেন।
টি-টোয়েন্টি ফরম্যাটের র্যাংকিংয়েও বাংলাদেশের অগ্রগতি চোখে পড়ার মতো। প্রথম টি-টোয়েন্টির পর ম্যাচসেরা হওয়া তাওহীদ হৃদয় ৯ ধাপ এগিয়ে এখন ৩৯তম ব্যাটার। পারভেজ হোসেন ইমন তিন ধাপ উন্নতি করে উঠেছেন ৪০তম স্থানে। বোলারদের তালিকায় মেহেদী হাসান তিন ধাপ এগিয়ে এখন ১৮ নম্বরে।