চার-ছক্কার উত্তেজনা আর উইকেট পড়ার মুহূর্ত দেখার আশায় গ্যালারিতে এসেছিলেন দর্শকরা। কিন্তু মাঠে এসে তারা দেখলেন ভিন্ন এক দৃশ্য। বৃষ্টির দাপটে পুরো ম্যাচই ভেস্তে গেছে, একটি বলও গড়ায়নি মাঠে।
চট্টগ্রামে খেলা দেখতে আসা দর্শকদের তাই ফিরতে হলো হতাশা নিয়েই। বৃষ্টিতে ভিজতে ভিজতেই স্টেডিয়াম ছাড়তে হয়েছে অনেককে। প্রিয় দলের খেলা দেখতে না পারার আফসোস থাকলেও অন্তত টিকিটের টাকা হারাতে হচ্ছে না তাদের। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয় টি-টোয়েন্টির টিকিটের পুরো অর্থ ফেরত দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ম্যাচ সিরিজের এই ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বেলা ২টায়। কিন্তু বৃষ্টির কারণে টস পর্যন্ত করা সম্ভব হয়নি। দুই দলের অধিনায়ককেও মাঠে নামতে দেখা যায়নি।
এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজে বাংলাদেশের অবস্থান আরও স্বস্তির হয়েছে। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে তারা এখন ১-০ ব্যবধানে এগিয়ে। ফলে শেষ ম্যাচ হারলেও সিরিজ ড্র হবে, হারার কোনো শঙ্কা নেই।
এখন সব নজর ২ মে মিরপুরে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ টি-টোয়েন্টিতে। সেখানে জিতেই সিরিজ নিজেদের করে নিতে চাইবে বাংলাদেশ।