ফুটবল শুধু মাঠের খেলা নয়, কখনো কখনো তা হয়ে ওঠে ন্যায়-অন্যায়ের প্রশ্নও। সেই জায়গাতেই এবার দাঁড়িয়ে গেছে ফিলিস্তিনি ফুটবল। অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি ক্লাবগুলোর অংশগ্রহণ নিয়ে ক্ষোভ জানিয়ে বড় আইনি লড়াইয়ে নেমেছে প্যালেস্টিনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।
দীর্ঘদিন ধরে অভিযোগ, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অধিকৃত পশ্চিম তীর এলাকায় গড়ে ওঠা কয়েকটি ইসরাইলি ক্লাব নিয়মিত অংশ নিচ্ছে ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে পরিচালিত লিগে। বিষয়টি বারবার সামনে আনা হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
সম্প্রতি ফিফা জানিয়ে দেয়, এই ইস্যুতে তারা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না। কারণ হিসেবে বলা হয়, অঞ্চলটির আইনি অবস্থান এখনও বিতর্কিত। এই ঘোষণার পরই হতাশা আর ক্ষোভ আরও স্পষ্ট হয়ে ওঠে।
এরপরই সিদ্ধান্ত, আইনি লড়াই চলবে। সেই পথ ধরে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে আপিল করেছে পিএফএ। পিএফএ ভাইস প্রেসিডেন্ট সুসান শালাবি বলেন, ‘সব আইনি পথ অনুসরণ করার পর এখন আমরা ক্রীড়া আদালতের শরণাপন্ন হয়েছি এবং আমরা মনে করছি এটি ন্যায্য সিদ্ধান্ত নয়।’ তিনি আরও বলেন, ‘ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা আইনি প্রক্রিয়া চালিয়ে যাব।’
এই লড়াই শুধু প্রশাসনিক বা আইনি নয়, এর পেছনে রয়েছে বাস্তবতার কঠিন চিত্রও। পিএফএ-এর অভিযোগ, চলমান সংকটে ফিলিস্তিনি ফুটবল ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে গাজায় অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে গেছে, শত শত ফুটবলার প্রাণ হারিয়েছে, আর পেশাদার ফুটবল কার্যত থেমে গেছে।
ফুটবল মাঠের বাইরে এই লড়াই এখন কোথায় গিয়ে দাঁড়ায়, তা নির্ধারণ করবে আদালত। তবে আপাতত স্পষ্ট যে, এটি শুধু খেলার বিষয় নয়, এটি ন্যায়বিচারের দাবিও।