লা লিগার শিরোপা যেন এখন হাত বাড়ালেই পাওয়া, এমন অবস্থায় পৌঁছে গেছে বার্সেলোনা। শনিবার ওসাসুনার মাঠে ১-২ গোলে জিতে তারা আরেক ধাপ এগিয়ে গেছে ট্রফির দিকে। ম্যাচের শেষভাগে রবার্ট লেভানডস্কি ও ফেরান তরেসের দুই গোলই গড়ে দেয় জয়ের ভিত, আর সেই সঙ্গে শিরোপা উৎসবের কাউন্টডাউনও যেন শুরু হয়ে যায়।
চার ম্যাচ বাকি থাকতে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ব্যবধান এখন ১৪ পয়েন্ট, যদিও তাদের একটি ম্যাচ কম খেলেছে। রোববার এস্পানিওলের মাঠে নামবে রিয়াল। সেই ম্যাচে তারা না জিতলেই টানা দ্বিতীয়বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা।
তবে স্কোরলাইন যতটা সহজ মনে হয়, ম্যাচটা ততটা সহজ ছিল না। বরং বেশিরভাগ সময়ই ওসাসুনা বেশি বিপজ্জনক আক্রমণ করেছে। বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়া কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে বারবার বাঁচিয়েছেন। ৩৫ মিনিটে আন্তে বুদিমিরের শট পোস্টে লেগে ফিরে আসে। দুই মিনিট পর আবারও নিশ্চিত গোল ঠেকান গার্সিয়া। ৬৯ মিনিটেও আরেকটি কঠিন সেভ করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি।
ম্যাচের মোড় ঘুরে যায় শেষ ১০ মিনিটে। ৮১ মিনিটে মার্কাস রাশফোর্ড ডান দিক থেকে দারুণ এক ক্রস দেন। লেভানডস্কি লাফিয়ে উঠে হেডে গোল করে দলকে এগিয়ে দেন। পাঁচ মিনিট পর ফেরমিন লোপেজের পাস পেয়ে ফেররান তরেস ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন।
দুই মিনিট পর রাউল গার্সিয়া কাছ থেকে একটি গোল শোধ করলেও ততক্ষণে দেরি হয়ে গেছে। ম্যাচে ফিরতে পারেনি ওসাসুনা। ৮০ মিনিট পর্যন্ত অপেক্ষার পর যে তিন গোলের ঝড় দেখা গেল, তাতে শেষ হাসিটা ঠিকই হাসল বার্সেলোনা। আর সেই হাসিতে মিশে আছে শিরোপার গন্ধ।