চলতি আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ১৫ বছর বয়সি বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। কিন্তু মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের মাঝেই হঠাৎ করেই আইনি জটিলতায় জড়াতে যাচ্ছে তার দল রাজস্থান রয়্যালসকে।
কর্নাটকের এক সমাজকর্মী এইচ. ভেংকটেশ সরাসরি হুমকি দিয়েছেন, বৈভবকে মাঠে নামানো হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। তার দাবি, ১৫ বছর বয়সি একজনকে পেশাদার ক্রিকেট খেলানো ‘শিশুশ্রম’-এর শামিল। একটি টিভি আলোচনায় তিনি বলেন, ‘১৫ বছরের একজনকে খেলিয়ে তাকে শোষণ করছে রাজস্থান। সে নিতান্তই শিশু। তাকে পেশাদার ক্রিকেট লিগে খেলানো হচ্ছে। এটা শিশুশ্রম ছাড়া আর কিছুই নয়। তারা কীভাবে একজন নাবালককে এরকম একটি বড় লিগে খেলাচ্ছে? এই অল্প বয়সে ক্রিকেট খেলার পরিবর্তে তার উচিত পড়াশোনায় মনোযোগ দেওয়া ও স্কুলে যাওয়া। এটা অন্য শিশুদের কাছে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি এর তীব্র নিন্দা জানাই। শিশু অধিকার ও শিশুশ্রম আইন লঙ্ঘনের জন্য রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করব বা আইনি মামলা করব। বৈভবকে আইপিএলে খেলতে দেবেন না। এটা শিশুশ্রম। ওর এখন পড়াশোনা করা উচিত।’
ভারতের আইন অনুযায়ী, ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলক। তবে ১৪ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে খেলাধুলা বা বিনোদনমূলক কাজে অংশ নেওয়ার সুযোগ রয়েছে, যদি তা ঝুঁকিপূর্ণ না হয়। সেই হিসেবে বৈভবের বয়স ১৫ হওয়ায় বিষয়টি আইনিভাবে কতটা ‘শিশুশ্রম’ তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
এর আগে বৈভবের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তাকে ভক্তদের এড়িয়ে যেতে দেখা যায়। তখনও অনেকেই বলেছিলেন, এত অল্প বয়সে তার ওপর যে চাপ তৈরি হয়েছে, তা বিবেচনায় রাখা উচিত।
তবে বিতর্কের মাঝেও মাঠে তার পারফরম্যান্সে কোনো ভাটা পড়েনি। চলতি আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৪০৪ রান করেছেন এই তরুণ, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি। ২৩৭ স্ট্রাইক রেটে ব্যাট করা এই বাঁহাতি ওপেনার ইতোমধ্যেই নজর কেড়েছেন বিশ্ব ক্রিকেটের।
এমনকি তাকে জাতীয় দলে ডাক দেওয়ার দাবিও উঠেছে। শোনা যাচ্ছে, আগামী জুনে আয়ারল্যান্ড সিরিজেই ভারতের জার্সিতে তার অভিষেক হতে পারে।