শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে চাপ, উত্তেজনা আর হতাশার এক মিশ্র মুহূর্তে আলোচনায় উঠে এলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা। ম্যাচের ফল যেমন কষ্ট দিয়েছে, তেমনি তার একটি আচরণ ডেকে এনেছে শাস্তিও।
সিলেটে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেটি বৃষ্টির কারণে নেমে আসে ৯ ওভারে। ৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪ রান। এমন টানটান পরিস্থিতিতে প্রথম বলেই ক্যাচ তুলে আউট হন নিগার। মাঠ ছাড়ার সময় হতাশা আর ক্ষোভে নিজের ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন তিনি, যা পরে তার জন্য কাল হয়ে দাঁড়ায়।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই ঘটনার পর জানায়, আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ করেছেন নিগার। এই ধারায় ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম বা মাঠের উপকরণের অপব্যবহারকে অপরাধ হিসেবে ধরা হয়। এর শাস্তি হিসেবে তাকে তিরস্কার করা হয়েছে এবং তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের দেওয়া শাস্তি নিগার মেনে নিয়েছেন এবং নিজের ভুল স্বীকার করেছেন। ফলে এ ঘটনায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচের ফলও ছিল বাংলাদেশের জন্য হতাশার। মাত্র ৩ রানে হেরে যায় স্বাগতিকরা, ফলে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয় তাদের। পুরো সিরিজজুড়েই শৃঙ্খলা ইস্যু যেন পিছু ছাড়েনি দলটির। এর আগের ম্যাচেও আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছিলেন নাহিদা আক্তার ও শারমিন সুলতানা; দুজনকেই ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা এবং একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।