ব্রাজিলিয়ান ফুটবলের আলোচিত নাম নেইমার জুনিয়র; মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিতর্ক যেন তার নিত্যসঙ্গী। এবার নিজের শৈশবের ক্লাব সান্তোসের অনুশীলনেই তৈরি হয়েছে নতুন এক অস্বস্তিকর পরিস্থিতি! যেখানে জড়িয়ে গেছে আরেক পরিচিত নাম, রবিনহোর ছেলে রবিনহো জুনিয়র।
রোববার সকালে ‘সিটি রেই পেলে’ ট্রেনিং সেন্টারে অনুশীলন চলছিল তাদের, যারা আগের ম্যাচে মাঠে নামেননি। সেখানেই ঘটে ঘটনাটি। এক পর্যায়ে ১৮ বছর বয়সী রবিনহো জুনিয়র বল নিয়ে ড্রিবল করে কাটিয়ে যান নেইমারকে। এই দৃশ্যটা সহজভাবে নিতে পারেননি ৩৪ বছর বয়সী তারকা।
এরপর নেইমার তাকে ‘ধীরে’ খেলার পরামর্শ দেন। কিন্তু কথার লড়াই দ্রুতই রূপ নেয় উত্তেজনায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি এতটাই গরম হয়ে ওঠে যে নেইমার প্রথমে ল্যাং মেরে তাকে মাটিতে ফেলে দেন এবং পরে একটি চড় মারেন।
ঘটনার পর বিষয়টি আর গোপন থাকেনি। রবিনহো জুনিয়রের প্রতিনিধিরা ক্লাব কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছেন। যদিও সান্তোস এখনো এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে রাজি হয়নি। তবে উত্তেজনার এই মুহূর্তের পরই নরম হন নেইমার। জানা গেছে, তিনি নিজেই তরুণ এই ফুটবলারের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তাদের সম্পর্কটাও বেশ পুরোনো, অনেকটা ‘গডফাদার ও গডসন’ এর মতো ঘনিষ্ঠ।
এই ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো, যখন নেইমার জাতীয় দলে ফেরার জন্য লড়াই করছেন। ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর ইনজুরির পর থেকে তিনি ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামেননি।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই পরিষ্কার করে দিয়েছেন, নেইমারের নামই সবকিছু নয়। তিনি বলেন, ‘ওর ফেরার সক্ষমতা আছে, তবে দলে জায়গা পেতে হলে নাম দিয়ে নয়, কাজ দিয়ে অর্জন করতে হবে।’
একই বার্তা এসেছে দেশের সর্বোচ্চ পর্যায় থেকেও। প্রেসিডেন্ট লুলা দা সিলভা জানিয়েছেন, তিনি নিজেও মনে করেন, শুধু নামের জোরে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া উচিত নয়।