টালিগঞ্জে বদলে গেল চেনা চিত্র। এতদিন যিনি ছিলেন নির্ভরতার প্রতীক, সেই রাজ্যের বিদায়ি মন্ত্রী ও হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস এবার আর ধরে রাখতে পারলেন না নিজের আসন। সোমবার (৪ মে) ঘোষিত ফলাফলে দেখা যায়, বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর কাছে ৬,০১৩ ভোটে পরাজিত হয়েছেন তিনি।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, অরূপ বিশ্বাস পেয়েছেন ৮২,৩৯৪ ভোট। অন্যদিকে পাপিয়া অধিকারী পেয়েছেন ৮৮,৪০৭ ভোট, যা তাকে এনে দিয়েছে জয়। গতবার যেখানে প্রায় ৫০ হাজার ভোটে জিতেছিলেন অরূপ, সেখানে এবার এই পরাজয় স্বাভাবিকভাবেই বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই ফলাফলের পেছনে একাধিক কারণ কাজ করেছে। বিশেষ করে সিপিএমের ৩০ হাজারের বেশি ভোট টেনে নেওয়া অরূপ বিশ্বাসের ভোটব্যাংকে বড় প্রভাব ফেলেছে। ফলে লড়াইটা হয়ে ওঠে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
তবে রাজনৈতিক অঙ্কের বাইরে আরও একটি বিষয় বারবার উঠে এসেছে গত বছরের ‘মেসি-কাণ্ড’। ডিসেম্বরে লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতীতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা অনেকের মনেই ক্ষোভের জন্ম দেয়। অভিযোগ ছিল, তৎকালীন ক্রীড়ামন্ত্রী হিসেবে অরূপ বিশ্বাস মেসির সঙ্গে সময় কাটালেও টিকিট কেটে আসা বহু দর্শক মেসিকে দেখার সুযোগ পাননি।
এই ক্ষোভই কি শেষ পর্যন্ত ভোটের বাক্সে প্রভাব ফেলেছে? অনেকেই তেমনটাই মনে করছেন। নেটপাড়ায় এই নিয়ে চলছে নানা কটাক্ষও। কেউ লিখছেন, ‘মেসিকে দেখতে দেননি, তাই মানুষ এবার তাকে বিধানসভায় ঢুকতে দিল না।’ আবার কেউ মজা করে বলছেন, ‘মেসির পাস থেকেই গোল দিয়ে জিতল বিজেপি।’
সবমিলিয়ে, টালিগঞ্জের এই ফলাফল শুধু একটি আসনের পরিবর্তন নয়; এটি দেখিয়ে দিল জনমতের হিসাব কখন কোন দিকে মোড় নেয়, তা আগেভাগে বোঝা সবসময় সহজ নয়।
সূত্র : হিন্দুস্তান টাইমস