ব্রাজিলিয়ান ফুটবলে আবারও বিতর্কের কেন্দ্রে নেইমার। এবার মাঠের বাইরের ঘটনায় জড়িয়ে পড়েছেন সান্তোসের এই তারকা ফরোয়ার্ড। অভিযোগ উঠেছে, ক্লাবের অনুশীলনের সময় তরুণ সতীর্থ রবিনহো জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন তিনি।
ঘটনাটি ঘটে গত রবিবার অনুশীলন চলাকালে। জানা গেছে, এক অনুশীলন সেশনে ড্রিবল করে নেইমারকে কাটিয়ে যান রবিনহো জুনিয়র। এতে ক্ষিপ্ত হয়ে নেইমার তার ওপর চড়াও হন। এরপর ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
ঘটনার পরপরই সান্তোস ক্লাব বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, একজন খেলোয়াড়ের বিরুদ্ধে আরেকজনকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে।
ঘটনার সময় মাঠে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয় নেইমার ও রবিনহো জুনিয়রের মধ্যে। পরে সতীর্থরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তরুণ এই ফুটবলার।
ইএসপিএন সূত্রে জানা গেছে, অনুশীলনের ওই মুহূর্তের পর থেকেই ক্লাবের আইন বিভাগ তদন্ত শুরু করেছে। অন্যদিকে গ্লোবোস্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, রবিনহো জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছেন! গালিগালাজ, ধাক্কা দেওয়া এবং চড় মারা। পাশাপাশি নিরাপত্তার ঘাটতির অভিযোগ তুলে তিনি ক্লাব ছাড়ার বিষয়েও ভাবছেন।
এদিকে নেইমারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু না জানালেও জানা গেছে, তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন এবং খেলোয়াড়ের পরিবারের কাছে ক্ষমাও চেয়েছেন।
উল্লেখ্য, ব্রাজিল জাতীয় দলে একসময় রবিনহোর সঙ্গে খেলেছেন নেইমার। সেই অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ক্লাব পর্যায়ে এই ধরনের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে তার আচরণ ও মাঠের বাইরের শৃঙ্খলা নিয়ে।