ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই স্কোয়াডে নেতৃত্ব দেবেন আগের মতোই নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার।
দলে অভিজ্ঞতা আর তারুণ্যের সুন্দর মিশেল রেখেছে বাংলাদেশ। নিয়মিত মুখদের পাশাপাশি কিছু নতুন মুখও জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলে। সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, শর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান ও ফারিহা ইসলাম তৃষ্ণারা আছেন অভিজ্ঞতার ভরসা হিসেবে।
অন্যদিকে সুযোগ পেয়েছেন তরুণ ও নতুনদের মধ্যে সানজিদা আক্তার মাগলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুাইরিয়া ফেরদৌস এবং তাজনেহার। ফলে দলটি তৈরি হয়েছে একেবারে ব্যালান্সড স্কোয়াড হিসেবে।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ মে স্কটল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে জ্যোতিরা। সেই সিরিজ শেষে লাফবরোতে যাবে তারা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে।
আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, শর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মাগলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুাইরিয়া ফেরদৌস ও তাজনেহার।