লা লিগা জয়ের উল্লাসে যখন রঙিন হয়ে উঠেছিল বার্সেলোনার রাজপথ, তখন সেই আনন্দ মিছিলে এক ভিন্ন বার্তা দিয়ে সবার নজর কাড়লেন তরুণ তারকা লামিন ইয়ামাল। শিরোপা উদযাপনের মাঝেই ফিলিস্তিনের পতাকা হাতে দেখা গেল বার্সেলোনার এই উদীয়মান ফুটবলারকে। মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দৃশ্য, আর ফুটবলপ্রেমীদের প্রশংসায় ভেসে যান তিনি।
সোমবার অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায়, ওপেন-টপ বাসের ভেতর থেকে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছেন ১৮ বছর বয়সী এই তারকা। চারদিকে তখন উৎসবের আবহ, রাস্তাজুড়ে হাজারো সমর্থকের উল্লাস আর প্রিয় দলকে একনজর দেখার অপেক্ষা।
রোববার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে ইতিহাসের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। টানা দ্বিতীয়বার লিগ জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে পুরো শহর। আর সেই বিজয় উৎসবেই ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা আলাদা করে আলোচনায় নিয়ে আসে লামিন ইয়ামালকে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই স্পেনের বার্সেলোনা শহর ফিলিস্তিনপন্থি আন্দোলনের অন্যতম বড় কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। শহরটিতে নিয়মিত ফিলিস্তিন সমর্থনে বড় বড় মিছিল হয়েছে। পাশাপাশি অবরুদ্ধ গাজায় সাহায্য পৌঁছে দিতে এখান থেকে ত্রাণবাহী জাহাজও ছেড়ে গেছে।
সমর্থকদের অনেকেই বলছেন, শুধু মাঠের ফুটবলে নয়, মানবিক অবস্থানেও নিজের আলাদা পরিচয় তৈরি করছেন তরুণ এই তারকা।