২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পথে বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় সমীকরণ আইসিসি র্যাঙ্কিং। সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে শীর্ষ ৯-এর ভেতরে থাকা জরুরি, আর সেই লড়াইয়ে আপাতত স্বস্তির খবর পেয়েছে টাইগাররা।
সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানে পরিবর্তন না এলেও বেড়েছে স্বস্তির ব্যবধান। ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থান ধরে রেখেছে বাংলাদেশ। আর ঠিক নিচে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং নেমে হয়েছে ৭৪। ফলে দুই দলের ব্যবধান এখন ১০ পয়েন্ট, যা বাংলাদেশের অবস্থানকে আরও শক্ত করেছে।
বিশ্বকাপের সরাসরি টিকিটের দৌড়ে এই ব্যবধান বাড়াটা বাংলাদেশের জন্য বড় ইতিবাচক দিক হিসেবেই দেখা হচ্ছে। কারণ ওয়েস্ট ইন্ডিজের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দল এখন টাইগারদের চেয়ে বেশ পিছিয়ে।
অন্যদিকে বাংলাদেশের সামনে থাকা ইংল্যান্ডের সঙ্গে ব্যবধানও খুব বেশি নয়। আট নম্বরে থাকা ইংলিশদের রেটিং ৮৯, অর্থাৎ বাংলাদেশের চেয়ে মাত্র ৫ পয়েন্ট এগিয়ে তারা। ফলে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে র্যাঙ্কিংয়ে আরও ওপরে ওঠার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। ভারত রয়েছে এক নম্বরে, নিউজিল্যান্ড দুইয়ে এবং অস্ট্রেলিয়া তিনে। দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে চারে, আর পাকিস্তান নেমেছে পাঁচ নম্বরে। শ্রীলঙ্কা ও আফগানিস্তান যথাক্রমে ছয় ও সাত নম্বরে অবস্থান ধরে রেখেছে।
শীর্ষ দশের বাইরে রয়েছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, ওমান, নেপাল, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।
একনজরে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং (শীর্ষ ১০)
১. ভারত
২. নিউজিল্যান্ড
৩. অস্ট্রেলিয়া
৪. দক্ষিণ আফ্রিকা
৫. পাকিস্তান
৬. শ্রীলঙ্কা
৭. আফগানিস্তান
৮. ইংল্যান্ড
৯. বাংলাদেশ
১০. ওয়েস্ট ইন্ডিজ