টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে তৈরি হওয়া বিতর্ক এখনও পুরোপুরি থামেনি। বিষয়টি ঘিরে আলোচনা চলছেই দেশের ক্রিকেট অঙ্গনে। এমন পরিস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে।
এবার পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি জানান, ঘটনাটি সামনে আসার পর তিনিই প্রথম প্রকাশ্যে কথা বলেছিলেন। তার মতে, সে সময় বোর্ডের আগের নেতৃত্ব পরিস্থিতি সঠিকভাবে সামাল দিতে পারেনি।
তামিমের দাবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি তখন কিছুটা নমনীয় অবস্থানে ছিল। সমাধানের সুযোগও ছিল, কিন্তু সেটি কাজে লাগানো হয়নি।
তিনি আরও বলেন, আগের সময়ে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাব ক্রিকেট সম্পর্কেও পড়েছিল। তবে বর্তমান পরিস্থিতিকে ইতিবাচক বলেই উল্লেখ করেছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এখন বিসিবি ও বিসিসিআইয়ের সম্পর্ক অনেক ভালো অবস্থানে রয়েছে।
বর্তমান বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত পরিচয়ের কথাও উল্লেখ করেন তামিম। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি নিরাপদ এবং ভারতীয় দলের জন্য এখানে কোনো ধরনের ঝুঁকি নেই।
তামিমের এই মন্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক এবং বিশ্বকাপ ইস্যুতে বিসিবির আগের ভূমিকা।