পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পর শুধু সিরিজেই এগিয়ে যায়নি বাংলাদেশ, বদলে গেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের অবস্থানও। সেই সঙ্গে ব্যাটিং ও বোলিং র্যাংকিংয়ে বড় উন্নতি করেছেন একাধিক টাইগার ক্রিকেটার। সবচেয়ে বড় সুখবর এসেছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ঘিরে।
মিরপুর টেস্টে গতকাল মঙ্গলবার পাকিস্তানকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে এটি টাইগারদের প্রথম জয়। তিন ম্যাচে ১ জয়, ১ হার ও ১ ড্রয়ে এখন বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৪৪.৪৪। এতে পয়েন্ট টেবিলের অষ্টম স্থান থেকে থেকে ষষ্ঠ স্থানে চলে এসেছে ফিল সিমন্সের দল।
এই জয়ের নায়ক ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও খেলেছেন ৮৭ রানের গুরুত্বপূর্ণ ও লড়াকু ইনিংস। দুই ইনিংস মিলিয়ে তার অসাধারণ পারফরম্যান্সই এনে দেয় ম্যাচসেরার পুরস্কার।
এই পারফরম্যান্সের পুরস্কার মিলেছে আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র্যাংকিংয়েও। ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠে এসেছেন শান্ত, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।
শুধু শান্তই নন, উন্নতি হয়েছে বাংলাদেশের আরও দুই অভিজ্ঞ ব্যাটারের। মুশফিকুর রহিম দুই ধাপ এগিয়ে এখন ২৬তম স্থানে। অন্যদিকে মুমিনুল হক ১২ ধাপ লাফিয়ে উঠে এসেছেন যৌথভাবে ৩৫তম স্থানে। পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক ভালো ব্যাটিংই তাদের র্যাংকিংয়ে বড় পরিবর্তন এনে দিয়েছে।
বোলিং বিভাগেও হাসি ফুটেছে বাংলাদেশের শিবিরে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ইনিংসে দুটি করে উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে এখন ১৩তম স্থানে। অনেকদিন পর টেস্টে ফেরা তাসকিন আহমেদও দারুণ প্রত্যাবর্তন করেছেন। ২০২৪ সালের শেষ দিকের পর প্রথম টেস্ট খেলতে নেমেই চার উইকেট শিকার করেছেন এই পেসার। ফলে আবারও বোলিং র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে তার অবস্থান ৪৮তম।
দ্বিতীয় ইনিংসে ম্যাচ ঘুরিয়ে দেওয়া স্পেল উপহার দেওয়া নাহিদ রানাও পেয়েছেন বড় পুরস্কার। পাঁচ উইকেট নেওয়ার সুবাদে পাঁচ ধাপ এগিয়ে এখন তিনি ৬৪তম স্থানে উঠে এসেছেন।
তবে হারলেও ব্যক্তিগত অর্জনের দিক থেকে স্বস্তি পেয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ায় আবারও টেস্ট বোলিং র্যাংকিংয়ে ফিরেছেন তিনি। বর্তমানে তার অবস্থান ২৮তম।