বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও সফল অধিনায়কদের একজন মাশরাফি মর্তুজা। মাঠের লড়াকু মানসিকতা আর নেতৃত্বগুণে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই সাবেক অধিনায়ককে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এক আবেগঘন বক্তব্য।
‘আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ো না’—মাশরাফির এমন কথাই সামনে এনেছেন তার বাবা গোলাম মুর্তজা। একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ছেলের বর্তমান মানসিক অবস্থা এবং পরিবারের পরিস্থিতি নিয়ে কথা বলেন।
গোলাম মুর্তজার ভাষ্য অনুযায়ী, গত প্রায় দুই বছর ধরে অনেকটা নিভৃত জীবন কাটাচ্ছেন মাশরাফি। আগের মতো মানুষের সঙ্গে মেলামেশা করেন না, এমনকি প্রয়োজন ছাড়া পরিবারের সদস্যদের সঙ্গেও খুব বেশি কথা বলেন না বলেও জানান তিনি।
২০২৪ সালের ৫ আগস্টের পর নড়াইলে মাশরাফির বাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনাটি তাকে ভীষণভাবে নাড়া দেয় বলে জানান তার বাবা। সেই ঘটনার পরই নড়াইল এক্সপ্রেস খ্যাত এই সাবেক ক্রিকেটার বাবাকে উদ্দেশ করে বলেছিলেন, ‘আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ো না।’
সাক্ষাৎকারে পরিবারের আর্থিক অবস্থার বিষয়েও কথা বলেন গোলাম মুর্তজা। তিনি জানান, তাদের পরিবার কখনো বিলাসী জীবনযাপন করেনি। জমি-জমা ও খামার ঘিরেই তাদের জীবন চলেছে।
তিনি বলেন, ‘আমাদের নগদ টাকা-পয়সা কখনোই তেমন ছিল না। আমরা ধান্দাবাজি করে চলিনি। জমি-জমা ও খামার নিয়েই জীবন চলে। কেউ বলতে পারবে না, আমি বা আমার পরিবারের কেউ কোনো অনিয়মের সঙ্গে জড়িত।’
একসময় মাঠ কাঁপানো অধিনায়ক মাশরাফিকে ঘিরে এমন আবেগঘন বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। দেশের ক্রিকেটে অসাধারণ অবদান রাখা এই তারকার বর্তমান নীরবতা অনেক ভক্তকেই ভাবিয়ে তুলেছে।