মেক্সিকোতে সরকারি স্কুলের শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে বড় ধরনের আন্দোলন দেখা দিয়েছে। গত শুক্রবার দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে প্রায় ৩ হাজার শিক্ষক রাস্তায় নেমে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা জাতীয় শিক্ষক ইউনিয়ন ‘ন্যাশনাল এডুকেশন ওয়ার্কার্স’-এর ব্যানারে এই সমাবেশে অংশ নেন।
শিক্ষক দিবস উপলক্ষে হওয়া এই বিক্ষোভ মিছিল শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। আন্দোলনকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা এখন আর অগ্রাধিকার নয়, বরং বিশ্বকাপে মিলিয়ন ডলারের ব্যবসাই এখন মুখ্য।’ মিছিলে এক বিক্ষোভকারীকে ফুটবল নিয়ে ড্রিবলিং করে অভিনব প্রতিবাদ জানাতেও দেখা যায়।
সরকার ও শিক্ষক ইউনিয়নের মধ্যে প্রাথমিকভাবে ৯ শতাংশ বেতন বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হলেও ভেতরে বিভক্তি তৈরি হয়েছে। ইউনিয়নের একটি বড় অংশ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ১০০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তুলেছে। বর্তমানে মেক্সিকোতে একজন সরকারি স্কুলশিক্ষকের মাসিক গড় বেতন প্রায় ৯৬৭ মার্কিন ডলার।
আন্দোলনের অন্যতম সংগঠক ফিলিবের্তো ফ্রাউস্ত্রো ওরোজকো বলেছেন, ‘আমরা আমাদের দাবিগুলোর অনতিবিলম্বে বাস্তবায়ন চাই।’ তিনি আরও জানান, দাবি পূরণ না হলে বিশ্বকাপ চলাকালীন দেশজুড়ে বড় ধরনের আন্দোলনের সম্ভাবনা রয়েছে।
এর আগেও বিভিন্ন দাবিতে মেক্সিকোর শিক্ষকেরা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিমানবন্দরের সংযোগ পথ অবরোধ করে কার্যত শহর অচল করে দিয়েছিলেন। ফলে এবারের হুমকিকে গুরুত্বের সঙ্গেই দেখছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে আয়োজিত আসন্ন বিশ্বকাপে মেক্সিকোতে প্রায় ৫০ লাখ পর্যটকের আগমনের আশা করা হচ্ছে। এমন সময় শিক্ষকদের এই আন্দোলনের হুমকি দেশটির সরকারের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।