বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে আইনি জটিলতা দেখা দিয়েছে । আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তামিমে নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে আইনি জটিলতা।
সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন এই অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। শনিবার (১৬ মে) সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক কর্মকর্তাসহ ১২ জন ব্যক্তি যৌথভাবে এই রিটটি দায়ের করেন।
আবেদনকারীদের মধ্যে রয়েছেন দেশের ক্রিকেটের পরিচিত মুখ সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ ইকবাল এবং পাইলটসহ আরও কয়েকজন।
এর আগে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা চেয়ে করা একটি রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছিল।
বর্তমানে ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আছেন তামিম ইকবাল। কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা।