২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন রূপে দল সাজাচ্ছেন কার্লো আনচেলত্তি। দীর্ঘদিনের হতাশা কাটিয়ে এবার ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে ব্রাজিল। এই লক্ষ্য নিয়েই সম্ভাব্য একাদশ ও কৌশল নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর আনচেলত্তি আক্রমণাত্মক ৪-৪-২ ফরমেশন নিয়ে কাজ করছেন বলে জানা গেছে। প্রয়োজনে এটি ৪-২-৪ রূপেও পরিবর্তিত হতে পারে।
সম্ভাব্য একাদশে গোলপোস্টের নিচে থাকবেন আলিসন বেকার। রক্ষণভাগে দেখা যেতে পারে দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও অ্যালেক্স সান্দ্রোকে। মিডফিল্ডে অভিজ্ঞ কাসেমিরোর সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন ব্রুনো গিমারাইস। এই জুটিকে ঘিরেই গড়ে উঠতে পারে মাঝমাঠের নিয়ন্ত্রণ।
আক্রমণভাগে সবচেয়ে বেশি নজর থাকবে ভিনিসিয়ুস জুনিয়রের দিকে। ক্লাব পর্যায়ে দুর্দান্ত হলেও জাতীয় দলে এখনো সেই ধারাবাহিকতা পুরোপুরি দেখাতে পারেননি তিনি। তবে আনচেলত্তির অধীনে তিনি নতুন ছন্দে ফিরতে পারেন বলে আশা করছে ব্রাজিল শিবির।
ডানদিকে থাকতে পারেন রাফিনিয়া। স্ট্রাইকার হিসেবে জোয়াও পেদ্রো ও মাথিউস কুনহার মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে। নেইমার দলে থাকলে কুনহার জায়গায় পরিবর্তন আসতে পারে।
এদিকে চোটের কারণে তরুণ প্রতিভা এস্তেভাও বিশ্বকাপ মিস করতে পারেন বলে শঙ্কা রয়েছে। একইভাবে ইনজুরির কারণে ছিটকে গেছেন এদের মিলিটাও। হাঁটুর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকবেন রদ্রিগোও।
সবমিলিয়ে নতুন কোচ, নতুন পরিকল্পনা আর তারকাখচিত আক্রমণভাগ নিয়ে বিশ্বকাপে নামতে যাচ্ছে ব্রাজিল। লক্ষ্য একটাই, ২৪ বছরের অপেক্ষা শেষ করে আবারও বিশ্বসেরা হওয়া।