যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে তীব্র অর্থনৈতিক সংকটে ভুগছে ইরান। এমন পরিস্থিতিতে দেশটিতে ৩০ ওয়াগন (পণ্যবাহী ট্রেনের ৩০টি বগি) মানবিক সহায়তা পাঠিয়েছে কাজাখস্তান।
রোববার (১৭ মে) ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
কাজাখস্তানের প্রেসিডেন্টের নির্দেশে পাঠানো এই সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে মাংস, চিনি, ময়দা, চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় ওষুধ।
উত্তর-পূর্ব ইরানের রাজাভি খোরাসান প্রদেশের সারাকস রেলওয়ে স্টেশনে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে এই সহায়তা হস্তান্তর করা হয় বলে জানিয়েছে আল জাজিরা।
সহায়তা প্রদান অনুষ্ঠানে ইরানে কাজাখস্তানের রাষ্ট্রদূত ওনতালাপ ওনালবায়েভ বলেন, ‘মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের মধ্যে ইরান কাজাখস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক অংশীদার। বিপদের সময়ই প্রকৃত বন্ধু চেনা যায়।’
এমন সময়ে এই সহায়তা পৌঁছাল, যখন ইরান মারাত্মক অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে।
ইরানের সরকারি পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রভাবে সৃষ্ট অচলাবস্থার কারণে দেশটিতে বার্ষিক মুদ্রাস্ফীতি প্রায় ৫৩ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। এর মধ্যে গত বছরের চেয়ে খাদ্যপণ্যের দাম বেড়েছে ১১৫ শতাংশেরও বেশি।