স্নাতক পাসের আনন্দ মুহূর্তেই রূপ নিল ভয়াবহ বিষাদে। যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি হ্রদে পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে প্রাণ হারিয়েছেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ২৪ বছর বয়সী এক স্নাতক উত্তীর্ণ তরুণ।
অঙ্গরাজ্যের লেক মার্টিনের চিমনি রক নামের এক পাহাড়ি এলাকায় শনিবার (১৬ মে) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জেইডেন ব্যারেটো স্নাতক পাসের আনন্দ বন্ধুদের সঙ্গে উদযাপনের সময় পাহাড়ের ওপর থেকে হ্রদের পানিতে লাফ দেন। এরপর তিনি আর পানির ওপরে ভেসে ওঠেননি।
এলমোর কাউন্টির শেরিফ বিল ফ্র্যাঙ্কলিন স্থানীয় সংবাদপত্র মন্টগোমারি অ্যাডভারটাইজারকে বলেন, ‘জেইডেন পাহাড় থেকে লাফ দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছেন, তিনি আর পানি থেকে ওপরে উঠে আসেননি।’
জেইডেন ব্যারেটো জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে বিবিএ এবং মনোবিজ্ঞানে বিএসসি ডিগ্রি অর্জন করেছিলেন। স্নাতক পাসের আনন্দ উদযাপন করতে বন্ধুদের সঙ্গে ওই হ্রদে যান তিনি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডুবুরি দল কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর শনিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে জেইডেনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। ডুবুরিরা পানির তলদেশে প্রায় ৫০ ফুট গভীরে এক জায়গায় তার মরদেহ খুঁজে পান।
শেরিফ ফ্র্যাঙ্কলিন সংবাদপত্রটিকে বলেন, ‘চিমনি রক থেকে লাফ দেওয়া মানে ৬০ ফুট ওপর থেকে একখণ্ড কাঁচের ওপর আছড়ে পড়ার মতো। পানিতে শরীর কীভাবে আঘাত করছে, পুরো বিষয়টি তার ওপর নির্ভর করে।’
‘আমাদের কাছে এটিকে মর্মান্তিক দুর্ঘটনা এবং পানিতে ডুবে মৃত্যু ছাড়া অন্য কিছু মনে করার মতো কোনো সূত্র নেই। তারপরও আমরা পুরো ঘটনা তদন্ত করে দেখছি,’ যোগ করেন শেরিফ।